‘ডাকটিকিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ বইয়ের মোড়ক উন্মোচন

২৬ মার্চ, ২০২২ ১০:৩৩  
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা গ্রহণ ও সলিমপুর ওয়ারলেস স্টেশন’ এর ওপর প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ‘ডাকটিকিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। শনিবার (২৬ মার্চ) সকালে গণভবনে এ অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।